গোপনীয়তা নীতি
মামলা ডায়েরি · সর্বশেষ হালনাগাদ: ১ অক্টোবর ২০২৬
১. অ্যাপটি কী
আইনজীবীদের জন্য একটি ডিজিটাল ডায়েরি। আইনজীবী নিজের মামলা, আদালতের তারিখ, পক্ষের তথ্য ও নোট এখানে লিখে রাখেন এবং তারিখের রিমাইন্ডার পান। ডায়েরির তথ্য ফোনে থাকে, আর ইন্টারনেট পেলে আপনার চেম্বারের সার্ভারে নকল রাখা হয়, যাতে অন্য ফোন বা কম্পিউটারেও পাওয়া যায়।
২. আমরা কী তথ্য রাখি
- অ্যাকাউন্টের তথ্য: আপনার নাম, মোবাইল নম্বর, চেম্বারের নাম আর আপনার দায়িত্ব (যেমন চেম্বার অ্যাডমিন বা মুহুরি)। পাসওয়ার্ড আমরা কখনো সরাসরি রাখি না, শুধু একটা মিশ্রিত (হ্যাশ করা) রূপ রাখি, যা থেকে আসল পাসওয়ার্ড বের করা যায় না। কোনো অ্যাডমিনই কারও পাসওয়ার্ড দেখতে বা বেছে দিতে পারেন না।
- আপনার ডায়েরির তথ্য: আপনি নিজে যা লেখেন, যেমন মামলার নম্বর, আদালত, তারিখ, কী হলো, পক্ষের নাম, ফোন নম্বর, ঠিকানা, নোট, বিপক্ষের আইনজীবীর নাম-আইডি-ফোন-ঠিকানা, আর আপনি চাইলে পক্ষের একটা ছোট ছবি এবং মামলার সঙ্গে রাখা নথি (আরজি, জবাব, আদেশ ইত্যাদির ছবি বা PDF)। ছবি বা নথি আপনি নিজে তুলে বা ফোন থেকে বেছে দেন, অ্যাপ ছবিটা ছোট করে আপনার ডায়েরির সঙ্গে সংরক্ষণ করে। নথির ফাইল সার্ভারের ব্যক্তিগত অংশে থাকে, শুধু আপনার চেম্বারের অনুমতি-পাওয়া সদস্যরা খুলতে পারেন, আর আপনি মুছলে বা অ্যাকাউন্ট মুছলে ফাইলও মুছে যায়। এর মধ্যে ক্লায়েন্ট ও বিপক্ষের ব্যক্তিগত তথ্যও থাকতে পারে। কী লিখবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমরা এসব শুধু আপনার হয়ে সংরক্ষণ করি।
- ডিভাইসের তথ্য: অ্যাপ-নির্দিষ্ট একটা পরিচয়সংখ্যা, ফোনের মডেলের নাম, অ্যাপের সংস্করণ, শেষ কখন অ্যাপ ব্যবহার হয়েছে, আর (নোটিফিকেশন চালু থাকলে) নোটিফিকেশনের টোকেন।
- নিরাপত্তার খাতা: কখন কে লগইন করেছেন, অ্যাডমিন কোন কাজ করেছেন (যেমন কাউকে বন্ধ করা), যাতে ভুল বা অপব্যবহার ধরা যায়।
আমরা আপনার অবস্থান, মাইক্রোফোন, কল-তালিকা বা ফোনের যোগাযোগ-তালিকা নিই না। ক্যামেরা বা গ্যালারি শুধু তখনই খোলে, যখন আপনি নিজে "ছবি তুলুন বা বাছুন" বা "ক্যামেরায় তুলুন" চাপেন। অন্য কোনো ছবি অ্যাপ দেখে না বা নেয় না।
২ক. আদালতের কর্মীদের লেখা তারিখ
আমাদের নিযুক্ত কোর্ট স্টাফ আদালতে বসে শুধু এইটুকু লেখেন: কোন আদালত, মামলার ধরন, নম্বর, সাল, পরের তারিখ, কী জন্য, আর চাইলে এক লাইনের নোট। এতে কোনো ব্যক্তির নাম, ফোন বা ঠিকানা থাকে না। একই মামলা যাঁদের ডায়েরিতে আছে, তাঁরা এটা "প্রস্তাবিত তারিখ" হিসেবে দেখেন; নিজে মেনে না নিলে কারও ডায়েরি বদলায় না। আপনার নিজের ডায়েরির কোনো তথ্য এভাবে অন্য কারও কাছে যায় না। এই তারিখ আদালতের অফিসিয়াল রেকর্ড নয়।
৩. কেন রাখি
লগইন যাচাই করতে, আপনার ডায়েরি সিঙ্ক করতে, রিমাইন্ডার ও নোটিফিকেশন পাঠাতে, অ্যাপ নিরাপদ রাখতে আর ভুল ঠিক করতে। বিজ্ঞাপনের জন্য নয়, আর আপনার তথ্য আমরা কারও কাছে বিক্রি করি না।
৪. কার সঙ্গে ভাগ হয়
- আপনার চেম্বারের সদস্যরা: চেম্বারের অ্যাডমিন আপনাকে যে দায়িত্ব ও অনুমতি দেন, সেই অনুযায়ী চেম্বারের তথ্য দেখা যায়। অন্য চেম্বার কিছুই দেখতে পায় না।
- অ্যাপের পরিচালক: পরিচালক চেম্বার ও ইউজারের সংখ্যা, নাম আর মোবাইল নম্বর দেখতে পারেন (অ্যাকাউন্ট সামলানোর জন্য)। মামলার ভেতরের তথ্য পরিচালকও দেখতে পান না।
- এসএমএস সেবাদাতা: লগইনের কোড পাঠাতে আপনার মোবাইল নম্বর ও কোডের লেখা এসএমএস গেটওয়েতে যায়।
- Google Firebase: নোটিফিকেশন চালু হলে ফোনে বার্তা পৌঁছাতে Google-এর Firebase সেবা ব্যবহার হয়। শুধু নোটিফিকেশনের টোকেন ও বার্তার লেখা যায়, মামলার তথ্য নয়।
- আইনের আদেশ থাকলে ছাড়া এর বাইরে কারও কাছে তথ্য দেওয়া হয় না।
৫. নিরাপত্তা
- অ্যাপ আর সার্ভারের মধ্যে সব যোগাযোগ HTTPS-এ।
- লগইনের চাবি ফোনের সুরক্ষিত সংরক্ষণ-জায়গায় (Android Keystore) থাকে।
- আপনি PIN বা আঙুলের ছাপ দিয়ে অ্যাপ লক রাখতে পারেন। ফোন অন্যের হাতে গেলে মামলার তথ্য তখন দেখা যায় না।
- ভুল পাসওয়ার্ড বা কোড বারবার দিলে সাময়িক তালা পড়ে।
- কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। ফোন হারালে বা অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানলে ঝুঁকি থাকে। তাই অ্যাপ লক চালু রাখুন আর পাসওয়ার্ড কাউকে বলবেন না।
৬. কতদিন রাখি
আপনার অ্যাকাউন্ট যতদিন আছে। অ্যাকাউন্ট মুছলে তার তথ্য নিচের নিয়মে মুছে যায়। নিরাপত্তার খাতায় শুধু একটা সংখ্যা-পরিচয় থাকে, আপনার নাম, নম্বর বা মামলার তথ্য নয়।
৭. আপনার অধিকার: দেখা, ঠিক করা, মোছা
- আপনার নিজের তথ্য অ্যাপেই দেখা ও বদলানো যায়।
- অ্যাকাউন্ট ও তথ্য মুছতে: অ্যাপে "আমি" পাতায় "অ্যাকাউন্ট মুছে ফেলুন", অথবা অ্যাপ না থাকলে https://ad.lalon.org/delete-account পাতায় মোবাইল নম্বর দিয়ে অনুরোধ করুন।
- অনুরোধ করার পর ১৪ দিন সময় থাকে। এর মধ্যে মত বদলালে "পাসওয়ার্ড ভুলে গেছেন?" পথে মোবাইলের কোড দিয়ে ঢুকলে অ্যাকাউন্ট ফিরে আসে। ১৪ দিন পার হলে আপনার অ্যাকাউন্ট আর আপনার একার চেম্বারের সব মামলা, তারিখ ও পক্ষের তথ্য চিরতরে মুছে যায়। চেম্বারে আর কেউ থাকলে চেম্বার থাকে, শুধু আপনি বাদ যান।
৮. শিশুদের তথ্য
অ্যাপটি প্রাপ্তবয়স্ক পেশাজীবীদের জন্য। আমরা জেনেশুনে শিশুদের কাছ থেকে তথ্য নিই না।
৯. এই নীতি বদলালে
নীতি বদলালে এই পাতায় নতুন তারিখসহ জানানো হবে।
Privacy policy (summary in English)
মামলা ডায়েরি is a private diary app for lawyers in Bangladesh. It is not an official app of any court, bar association or government body.
- What we store: your name, mobile number, chamber name and role; a salted hash of your password (never the password); the diary entries you type (case numbers, courts, dates, parties' names, phone numbers and addresses, notes, details of the opposing lawyer, and — only if you choose to add them — a small photo of a party and papers kept with a case (pictures or PDFs of petitions, orders and the like) that you take or pick yourself; paper files are kept in a private area of the server, opened only by chamber members you permit, and erased when you delete them or your account); a device identifier, device model and app version; and a security log of sign-ins and administrator actions. We do not collect location, microphone, call logs or contacts, and the app only opens the camera or gallery when you press the button to add a party's photo or a case paper.
- Dates typed by court staff: our appointed court-staff members type only the court, case type, number, year, next date, what the date is for and an optional one-line note. No names, phone numbers or addresses. Lawyers whose diary has the same case see it as a "suggested date"; it changes nobody's diary unless they accept it. Nothing from your own diary is shared this way, and these dates are not an official court record.
- Why: to sign you in, sync your diary between your devices, send reminders and notifications, and keep the service secure. No advertising; we do not sell data.
- Who sees it: members of your own chamber according to the roles its administrator gives them; the app operator can see account details but not the contents of cases. Your mobile number goes to an SMS gateway to deliver sign-in codes. When notifications are enabled, Google Firebase delivers them (notification token and message text only).
- Security: HTTPS in transit; the sign-in token is kept in Android Keystore; optional PIN/fingerprint app lock; sign-in attempts are rate-limited.
- Deleting your data: in the app (Me → Delete account) or at https://ad.lalon.org/delete-account. After a 14-day grace period (during which you can cancel by signing in with a one-time code) the account and, if you are the only member, the whole chamber's data are permanently erased.